সেনবাগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও অনুপ্রেরণাদায়ী ভূমিকার স্বীকৃতি হিসেবে ৫ জন অদম্য নারীকে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম। সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা কর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, রেইরো ফাউন্ডেশনের সিইও নাজমুল হক, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার ও রবিউল ইসলাম রবি।
এসময় আরও উপস্থিত ছিলেন—সেনবাগ থানার ওসি (তদন্ত) হয়রত আলী মিলন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরী।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল নিরাপত্তা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সকলে একযোগে ভূমিকা রাখতে হবে। নারীর অগ্রযাত্রা নিশ্চিত করতে সামাজিক ও প্রশাসনিক পর্যায়ে আরও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তারা।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















