নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোক কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সেনবাগ উপজেলার প্রতিটি মসজিদে যোহরের নামাজ শেষে এবং উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে বাদ আসর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।
একই সঙ্গে কেন্দ্র ঘোষিত ৭ দিনের দলীয় কর্মসূচির অংশ হিসেবে সেনবাগ উপজেলায় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণসহ বিভিন্ন শোক কর্মসূচি চলমান রয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় নেতারা বলেন, মরহুম বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উল্লেখ্য, ৭ দিনের কর্মসূচি অনুযায়ী সেনবাগ উপজেলায় ধারাবাহিকভাবে শোক ও স্মরণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।


মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















