সৌদি আরবের রিয়াদে মো. মতিউর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান (২৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আবদুস সালামের ছেলে।
স্থানীয় প্রবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মতিউর রহমান রিয়াদের হারা এলাকার একটি বাসায় আরও তিন প্রবাসীর সঙ্গে থাকতেন।
কয়েকদিন আগে একই বাসায় থাকা ব্যক্তিদের সঙ্গে ঘুমানোর জায়গা ও রান্না করা নিয়ে মতিউরের কথাকাটাকাটি হয়। সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফেরার পর সেই বিরোধকে কেন্দ্র করে আবার উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে এক রুমমেট রান্নায় ব্যবহৃত ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন বলে পরিবারের দাবি। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। ঘটনার পর বাসায় থাকা অন্য তিনজন সেখান থেকে চলে যান বলে জানা গেছে।
নিহত মতিউরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, মতিউর শান্ত প্রকৃতির ছিলেন। কয়েক দিন আগে রুমমেটদের সঙ্গে বিরোধের বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।
তিনি বলেন, সোমবার থেকে মতিউরের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে তার সঙ্গে একই বাসায় থাকা গ্রামের এক ব্যক্তির মাধ্যমে পরিবার হত্যাকাণ্ডের খবর জানতে পারে। নিহতের মরদেহ বর্তমান স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















