দিনাজপুরের হাকিমপুরে পৃথক মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামি ও সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বৈকাল ৫ ঘটিকায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
গ্রেপ্তাররা হলেন হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে কালু (৫৯), নন্দীপুর গ্রামের মৃত তমছের আলীর ছেলে মো. ফিরোজ (৩৪) এবং মধ্য বাসুদেবপুর গ্রামের মো. আনছার আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৫৩)।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম ওরফে কালু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে মো. ফিরোজ বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন।
এ ছাড়া মো. হাবিবুর রহমান একটি মোবাইল কোর্ট মামলায় দোষী সাব্যস্ত হয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। সাজা কার্যকরের জন্য তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

হাসান আলী, (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















