দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গত দুই দিনের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (১ মে) দুপুরে গ্রেফতারকৃতদের কড়া পুলিশি পাহারায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ও ১ মে হাকিমপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বেলাল হোসেন (৩৩), পিতা- মৃত গোলাম মোস্তফা, গ্রাম- উত্তর বাসুদেবপুর কালীগঞ্জ। মোঃ হাফিজুর রহমান ৪০, পিতা- মোঃ শমসের মন্ডল, গ্রাম- দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়া। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ দায়ের করা হয়েছে।
একই অভিযানে মাদক সেবনের দায়ে আটক আরও ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ সাদ্দাম হোসেন (৩৫), মোঃ তারাজুল (৪২), মোঃ সুলতান (৪৫), মোঃ মুনসুর রহমান (৩৮), তাদের চারজনের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ব্যারাক হাই এলাকায়, মোঃ আনেছ (৫২), বাড়ি নবাবগঞ্জ উপজেলার দিঘীরত্ন গ্রামে।
অভিযানের বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, মাদক দমনে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

মো. হাসান আলী, দিনাজপুর দক্ষিণ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















