সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসের পাশেই অজ্ঞাত পরিচয়হীন এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর ) সকাল ৯টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশন সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের উত্তরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই ওই নারী স্টেশন এলাকার বিভিন্ন স্থানে থাকতেন। মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি এবং ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন।
মোহাম্মদ সজীব নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, নারীটি মানসিক রোগী ছিলেন। বহু দিন ধরে স্টেশন এলাকায় থাকতেন। ভিক্ষা করেই চলতেন।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, নারীর পরিচয় জানা যায়নি। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশটি নিয়ে গেছে। লাশে আঘাতের কোনো চিহ্ন ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমি নিশ্চিত নই। স্থানীয়দের কাছে শুনেছি, স্বাভাবিক মৃত্যু হতে পারে।
এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, রেললাইন থেকে ১০ ফিটের মধ্যে হলে আমাদের আওতায় পড়বে। আর ১০ ফিটের বাইরে গেলে কামারখন্দ থানার আওতার মধ্যে পড়বে। আমাকে ছবিটা দেন দেখলেই বুঝতে পারবো।

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জনতার কন্ঠ.কম 



















