আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তৃণমূলের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জামালপুরের ইসলামপুরে প্রচারণা চালিয়েছে বিশেষ ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। মঙ্গলবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি সুসজ্জিত গাড়ি উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
আধুনিক ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম এবং উন্নত ভিডিও কনটেন্ট সমৃদ্ধ এই ভ্যানে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রচারণায় ভোট দেওয়ার সঠিক নিয়ম, ভোটকেন্দ্রে কী করণীয় এবং কী বর্জনীয়, এবং গোপন ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সাধারণ মানুষকে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুরে এই প্রচারণা চালানো হয়।
প্রচারণার বিশেষ আকর্ষণ ছিল জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। শহীদ আবু সাঈদসহ আন্দোলনের বীর শহীদদের স্মরণে নির্মিত ভিডিও প্রদর্শনী দেখে উপস্থিত দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং ফেলানী হত্যাকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রগুলো সাধারণ মানুষের হৃদয়ে দাগ কাটে।
ভ্রাম্যমাণ এই প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ বক্তব্য প্রচার করা হয়। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের গুরুত্ব সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বের সাথে জনগণের সামনে তুলে ধরা হয়।
সাংস্কৃতিক পরিবেশনা ও প্রামাণ্যচিত্র দেখতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে উপস্থিত কয়েকজন সাধারণ মানুষ জানান, তারা এই কার্যক্রম সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না। প্রচারণার পরিধি আরও বাড়ানো হলে প্রান্তিক পর্যায়ের সব মানুষ উপকৃত হতো বলে তারা মনে করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন, এ ধরনের ব্যতিক্রমী ভ্রাম্যমাণ প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াবে। এটি আসন্ন নির্বাচন ও গণভোটে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















