ফেনীর পরশুরাম উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন স্থানীয় এক নেতা। এনসিপিতে যোগ দিয়েই জেলা কমিটির সহ-সাংগঠনিকের পদ পেয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ফেনী জেলা কমিটি ঘোষণা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
এনসিপিতে যোগ দেওয়া ওই নেতার নাম মো. মামুন উদ্দিন মেজবান। তিনি ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর অর্থ সম্পাদ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এনসিপির জেলা কমিটির সহ-সংগঠনিকের দায়িত্ব পেয়েছেন। এর আগে, তিনি জামায়াতে ইসলামীর সহযোগী ও পেশাজীবী ব্যবসায়িক সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডাব্লিউএফ) পরশুরাম উপজেলা শাখার সভাপতি ছিলেন।
এ বিষয়ে মো. মামুন উদ্দিন মেজবাহ বলেন, ‘আমি জামায়াত ইসলামীর রাজনীতি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছি। বর্তমানে এনসিপির সহসাংগঠনিকের পদ পেয়েছি।’
তবে কী কারণে তিনি জামায়াত ইসলামীর রাজনীতি ছেড়েছেন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
এনসিপির ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘জামায়াত ইসলামীর রাজনীতি ছেড়ে এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করেছেন তিনি। তাকে জেলা কমিটির সহসংগঠনিকের পদ দেওয়া হয়েছে।’
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















