সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা গরুচোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি) সদস্যরা। এ সময় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার পাইকপাড়া বাজার ও ঢাকা-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাড়াশ উপজেলার শালিয়াগাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম (৪১), মঙ্গলবাড়িয়া গ্রামের এছের আলীর ছেলে ফরমান আলী (৩৮), বগুড়া জেলার শেরপুর উপজেলার আঁশগ্রাম এলাকার মৃত সাহেব আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার গঙ্গামতি গ্রামের মৃত শাহ আলম সরদারের ছেলে নান্নু সরদার (৪৮), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার কোনোকান্দা গ্রামের আক্কাস আলীর ছেলে মো. আনাছ (২০) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার খিল্লাতাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সোহাগ (৩০)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ জুন রাত ২টায় তাড়াশে তায়বুর রহমান রিপন নামে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙ্গে তিনটি গরু লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী কৃষক তায়বুর রহমান রিপন।
বিষয়টি অবগত হয়ে এসআরবি গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বুধবার বেলা পৌণে ১২টার দিকে সদর উপজেলার পাইকপাড়া বাজার ও সন্ধ্যায় রায়গঞ্জের চান্দাইকোনা সিকদার পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জনই চুরির মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি।
তাদের দেওয়া তথ্যমতে সদর উপজেলার বনবাড়ীয়া আদর্শ গ্রাম ও কামারখন্দ উপজেলার থানাধীন মেঘাই ভদ্রঘাট সাতাশ পাড়া গ্রাম থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















