বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত ৫০ শতাংশ ভোটের নির্বাচনে বিএনপি সরকার গঠন করল, অথচ ৭০ শতাংশ ভোটের গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হলো না। গণভোটের এই রায় অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ।
‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন’ এবং ‘ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত’- এই স্লোগানকে সামনে রেখে বুধবার (৭ অক্টোবর) বিকেলে লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে। ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে ৮০ বার বৈঠকের পরও ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতার কারণে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখা হয়েছে আর রাষ্ট্রপতিকে কাঠের পুতুল বানিয়ে রাখা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় ১ হাজার ৫০০ তরুণ শহীদ হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মূল দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এবং কোটা প্রথা বাতিল করা। কিন্তু সরকার তা এখনো বাস্তবায়ন করেনি।
বর্তমান সরকারের সমালোচনা করে মামুনুল হক বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতোই বর্তমান সরকারও পুলিশ ও ছাত্র সংগঠনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। দেশে সিন্ডিকেট করে বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দাম বাড়ানোর পরপরই এসব সংকট উধাও হয়ে যায়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে এসেছে। পরিশেষে তিনি দ্রুত সংবিধান সংশোধন করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মহসিন উদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা শাফায়াত হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী, শুরা সদস্য মুফতি আব্দুর রহমান, গোপালগঞ্জ জেলা সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, উপদেষ্টা মুফতি শুয়াইব ইব্রাহীম, যশোর জেলা সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ এবং মাগুরা জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























