নোয়াখালীর চাটখিল উপজেলায় নিজের পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (২৫) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারাই বাড়ির ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম উপজেলার ছয়ানী টবগা (ছাড়া মোল্লা) গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুরে রবিউল ইসলাম ব্রিজসংলগ্ন এলাকায় নিজের পিকআপ গাড়িটি চালু অবস্থায় রেখে নিচে নামেন। এ সময় গাড়িটি হঠাৎ ব্রিজ থেকে নিচের দিকে গড়াতে শুরু করলে তিনি সামনে গিয়ে ধাক্কা দিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়ির নিচে চাপা পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবল পাল তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















