গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও তার ছেলে নিহত হয়েছেন।
শনিবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে মহাসড়কের গাজীপুরায় বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম।
নিহতরা হলেন, শেরপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কৈবর্তপাড়া এলাকার বাসিন্দা তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)।
টঙ্গী পূর্ব থানার এসআই মো. মোন্নাফ আহমেদ বলেন, রাতের বিশেষ ডিউটিতে থাকা অবস্থায় খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি। পরে দুজনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে তার বাবা তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তপন চন্দ্র দাসও মারা যান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ নিজেদের হেফাজতে নেয়।
ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















