একসময় তিস্তার ভাঙনে বিলীন হয়েছে ১০ বিঘারও বেশি আবাদি জমি। নদী কেড়ে নিয়েছে বসতভিটা ও ফসলি জমি। সমতলে এখন নিজের কোনো জমি নেই। তবু মাটির মায়া ছাড়তে পারেননি ৬০ বছর বয়সী কৃষক সেকেন্দার আলী।
জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে জমি বর্গা নিয়ে আবারও শুরু করেছেন চাষাবাদ। এবার পাঁচ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছেন। সেই ক্ষেতজুড়ে এখন দুলছে সোনালি ধানের শীষ। ভালো ফলন দেখে ভুলতে বসেছেন পুরোনো ক্ষত।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দে সেকেন্দার আলীর খেতের প্রায় সব ধান পেকে গেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আশা করছেন, প্রতি বিঘায় ২৩ থেকে ২৪ মণ ধান পাবেন।
সেকেন্দার আলীর কাছে এই ধান শুধু একটি ফসল নয়, নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার স্বপ্নও। তিনি বলেন, প্রতিবছর ধান পাকার সময় বন্যা, অতিবৃষ্টি কিংবা ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকে। এতে চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তোলা যায় না। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। খেতের দিকে তাকালে মন ভরে যায়। কোনো দুর্যোগ না হলে এবার ভালোভাবেই ধান ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন তিনি।
শুধু সেকেন্দার আলী নন, তিস্তার বুকে জেগে ওঠা চরজুড়ে এখন কৃষকদের ব্যস্ততা। কোথাও চলছে ধান কাটা,কোথাও চলছে মাড়াইয়ের প্রস্তুতি। আবার কোথাও সোনালি ধান ঘরে তোলার অপেক্ষায় কৃষকেরা। নদীর বুকজুড়ে বিস্তীর্ণ খেতের দিকে তাকালে মনে হয়, স্রোত আর ভাঙনের মাঝেও নতুন করে জীবন সাজিয়েছে তিস্তার চর।
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর চরের কৃষক অনিল চন্দ্র বর্মণ (৬৫) এবার আট বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। গত রোববার থেকে তার খেতের ধান কাটা শুরু হয়েছে। গত বছর প্রতি বিঘায় ১৯ মণ ধান পেয়েছিলেন। এবার ফলন বেড়ে ২৪ মণ হতে পারে বলে আশা করছেন তিনি।
অনিল চন্দ্র বলেন, সমতলের তুলনায় চরের জমিতে ধান চাষে প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা কম খরচ হয়। তবে বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ গত বছরের চেয়ে বেশি হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বুড়িরহাটের কৃষক যতীন চন্দ্র সরকার (৭০) ২৫ বিঘা আবাদি জমির মালিক। নদীর ভাঙাগড়ার খেলায় তার সব জমিই এখন তিস্তার বুকে বিলীন। গত বছর পাঁচ বিঘায় আমন ধান চাষ করলেও এবার করেছেন আট বিঘায়। তার খেতের প্রায় সব ধানই পেকে গেছে।
যতীন চন্দ্রের চোখে এবার ভালো ফলনের আনন্দ থাকলেও রয়েছে কিছুটা শঙ্কা। তিনি বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন খুব ভালো হয়েছে। চারদিকে পাকা ধান দেখে মন ভরে যাচ্ছে। তবে ধানের ন্যায্যমূল্য না পেলে উৎপাদন খরচ তুলে লাভবান হওয়া কঠিন হবে।
কৃষকদের এই আনন্দের প্রতিফলন ঘটেছে কৃষি বিভাগের পরিসংখ্যানেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলায় তিস্তা নদীর চরাঞ্চলে এবার প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর এ পরিমাণ ছিল প্রায় ১৯ হাজার হেক্টর। এক বছরের ব্যবধানে পাঁচ জেলার চরাঞ্চলে আমনের আবাদ বেড়েছে পাঁচ হাজার হেক্টর।
চরাঞ্চলে প্রতি বিঘায় গড়ে ২২ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।
রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, এবার তেমন বন্যা না হওয়ায় তিস্তার বুকে জেগে ওঠা অধিকাংশ চরে আমন ধানের আবাদ করা সম্ভব হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। চরাঞ্চলের কৃষকেরা এবার ভালো ফলন পেয়েছেন। তিস্তার বিস্তীর্ণ চরজুড়ে সোনালি ধান দেখে কৃষকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















