দিনাজপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪:৩০ মিনিটে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের নিকট তিনি এই মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানকালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ব্যারিস্টার সানী আব্দুল হক গণমাধ্যমকে বলেন, “দিনাজপুর-৬ আসনের মাটি ও মানুষের সার্বিক কল্যাণে আমার প্রচেষ্টা সব সময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই জনপদের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি এলাকার উন্নয়নের স্বার্থে এবং একটি অবাধ নির্বাচনের লক্ষে আগামী নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সরওয়ার, নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান আশিক, ঘোড়াঘাট উপজেলা সমন্বয়ক মো. জালাল উদ্দীন এবং হাকিমপুর উপজেলা যুব নেতা তানভীর আহমেদ। উৎসবমুখর পরিবেশে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন এই তরুণ আইনজীবী ও রাজনৈতিক নেতা।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















