দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ এনে এর প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর ভাসানী মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তমঞ্চে এসে শেষ হয়।
মিছিলপূর্বক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি, যারা ১৭ বছর নৈরাজ্য কায়েম করে এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। যারা আলেমদের হত্যা করেছে, যারা বিডিআরদের হত্যা করেছে, যারা সাংবাদিকদের হত্যা করেছে, যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে। যারা কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে সেই নিষিদ্ধ দল বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এদেশের জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। আজকে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলার পায়তারা করছে। তারা রাস্তা অবরোধের চেষ্টা করছে, বাসে আগুন দিয়েছে। তারা একটি জেলাকে বাংলাদেশের রাজধানী বানিয়েছে। আমরা যারা শহীদ জিয়ার সৈনিক হঠাৎ করে আসি নাই। দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করে লড়াই করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। কোন নৈরাজ্যকারীকে আমরা প্রশ্রয় দেবো না।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খানের সভাপতিত্বে সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ জেলা, উপজেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 


















