দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অভিযানে ৮১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২২৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৯৮ হাজার ৪০০ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়।

বুধবার সকাল ৯টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

হাসান আলী, (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















