মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিজয়মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম এবং নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বিশেষভাবে সহায়ক ভূমিকা রাখে। তিনি আরও বলেন, বিজয়মেলার মাধ্যমে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও অর্জনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয়মেলাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ আকর্ষণ করছে।
উল্লেখ্য, মহান বিজয় দিবসকে ঘিরে এ বিজয়মেলা নোয়াখালী জেলার সাংস্কৃতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















