সাতক্ষীরার দেবহাটায় জলাবদ্ধ ও অনাবাদি জমিতে পানিফল চাষ করে বাড়তি আয়ের মুখ দেখছেন কৃষকরা। ধান চাষের অনুপযোগী জমিতে বিকল্প ফসল হিসেবে পানিফলের আবাদ করে একদিকে পতিত জমি চাষের আওতায় আনছেন তারা, অন্যদিকে তৈরি হচ্ছে স্থানীয় মানুষের কর্মসংস্থান। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫৭ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
পানিতে জন্মানো এ ফল স্থানীয়ভাবে পানিসিংড়া নামে পরিচিত। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে অনেক কৃষিজমি দীর্ঘ সময় জলাবদ্ধ থাকায় সেখানে ধানসহ প্রচলিত ফসলের আবাদ করা সম্ভব হয় না। বছরের একটি নির্দিষ্ট সময় এসব জমি অনাবাদি পড়ে থাকে। তবে দেবহাটার কৃষকরা সেই জমিতে পানিফলের আবাদ করে আয় করছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে পানিফলের চাষ। জমিতে চারা রোপণের পর পানির মধ্যেই বেড়ে ওঠে গাছ এবং একপর্যায়ে ফল আসে। কৃষকদের দাবি, জমিতে পানির পরিমাণ বেশি হলেও পানিফলগাছ সহজে নষ্ট হয় না। বরং উপযুক্ত পরিবেশে ভালো ফলন পাওয়া যায়। প্রায় ১৫ বিঘা জমিতে এ ফলের আবাদ করা দেবহাটার কৃষক কওসার আলী বলেন, ‘আমি প্রায় ২৫ বছর ধরে পানিফলের চাষ করি। প্রায় ১৫ বিঘা জমিতে চাষ হচ্ছে। এই জমিতে পানি বেশি থাকায় ধান চাষ করা যায় না। পানিফল চাষে ভালো আয় হয়। পানি বাড়লেও গাছ সহজে নষ্ট হয় না, বরং ফলন বাড়ে।’
পানিফলের আবাদ ঘিরে স্থানীয় শ্রমবাজারেও তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। জমির পরিচর্যা ও ফল সংগ্রহের কাজে যুক্ত হয়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে স্থানীয় অনেক নারী দৈনিক মজুরিতে কাজ করছেন এসব জমিতে। এমনই একজন শ্রমজীবী নারী সুফিয়া। স্বামী না থাকায় নিজের উপার্জনেই তাকে সংসার চালাতে হয়। পানিফলের জমিতে কাজ করে প্রতিদিন ২০০ টাকা মজুরি পান তিনি। সুফিয়া বলেন, ‘সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করি। দৈনিক ২০০ টাকা মজুরি পাই। আমার স্বামী নেই। এ টাকা দিয়েই সংসার চালাই।’
কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘যে জমি পড়ে থাকত, সেখানে এখন পানিফল চাষ হচ্ছে। এতে কৃষক লাভবান হচ্ছেন, আবার অনেক মানুষের কাজের সুযোগ হচ্ছে। কৃষক ও শ্রমিক, দুই পক্ষই উপকৃত হচ্ছে।’ কবির হোসেন বলেন, ‘আমাদের এলাকায় বৃষ্টিপাত বেশি হওয়ায় অনেক জমি পানিতে ডুবে থাকে। এসব জমিতে ধান চাষ সম্ভব হয় না। তাই পানিফল চাষ করছি। ধানের চেয়ে এতে বেশি লাভ পাওয়া যায়।’
উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘এ বছর দেবহাটা উপজেলায় প্রায় ৫৭ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। যে জমিগুলো সাধারণত পতিত থাকে, সেসব জমিতে চাষ করে কৃষক বাড়তি মুনাফা পাচ্ছেন। বাজারে চাহিদা থাকায় কৃষক ও ক্রেতা উভয়ই উপকৃত হচ্ছেন। ভবিষ্যতে এ চাষ আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশা করছি।’
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















