বরগুনা পুলিশ লাইন্সের সামনে সড়কে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগ করেছে কে বা কারা। রোববার (৯ নভেম্বর) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে বাসটিতে আগুন জ্বলতে দেখে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন তারা। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বিআরটিসির একটি বাস পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। রোববার মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























