বরিশাল জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। একই মাসে মাদকদ্রব্য উদ্ধারে ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপও তিনি সনদপত্র পেয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
জেলা পুলিশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জনসেবামূলক কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন ওসি মোহাম্মদ মাসুদ খান।
পুরস্কার গ্রহণের পর ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়। এটি আগৈলঝাড়া থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের পরিশ্রম, পেশাদারত্ব ও সততার ফল। পাশাপাশি এলাকার মানুষের সহযোগিতাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে উপজেলাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ২১৭ পিস ইয়াবা, ৫৪০ গ্রাম গাঁজা ও প্রায় ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭৫টি মামলা করা হয়। এসব মামলায় ৭০ জনকে আসামি করা হয়েছে এবং থানা পুলিশের অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং আগৈলঝাড়াবাসীর সার্বিক সহযোগিতা ও আস্থার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা সম্ভব হচ্ছে। এ সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।’
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধমুক্ত আগৈলঝাড়া গড়ার লক্ষ্যে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আগৈলঝাড়া থানার এ সাফল্য জেলার অন্যান্য ইউনিটের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















