মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চুরির সময় স্থানীয় জনতা এক চোরকে হাতেনাতে আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকালে বসুরহাট উত্তর বাজারের বুড়ির মসজিদের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে দ্রুত পালানোর চেষ্টা করছিল এক যুবক। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন ধাওয়া করে বসুরহাট জিরো পয়েন্টে গিয়ে তাকে আটক করে ফেলে।
অটোরিকশার মালিক মোঃ ইউসুফ বলেন, “আমি আমার রিকশাটি উত্তর বাজারের একটি পার্টস দোকানের পাশে রেখে কিছু মালামাল কিনছিলাম। হঠাৎ দেখি একজন আমার রিকশা নিয়ে পালানোর চেষ্টা করছে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।”
ঘটনার পর ক্ষুব্ধ জনতা আটক চোরকে গণধোলাই দিয়ে পুনরায় বুড়ির মসজিদের সামনে নিয়ে আসে। এসময় বাজারে ব্যাপক উত্তেজনা ও ভিড়ের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।

রিপোর্টার: 



















