সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে আকরাম সরকার (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে অপর এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকরাম সরকার (২২) একই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক হওয়া মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
নিহত আকরামের স্বজন ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় আকরামকে নিজের বাড়িতে ডেকে নেয় মারুফ বিন হাবিব। এরপর ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যার পর মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখে।
এ ঘটনার পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘাতক মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আকরাম নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মারুফ বিন হাবিব নামে এক যুববকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, হত্যাকান্ডের কারন এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















