মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) মিরকাদিম পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক, মিরকাদিম পৌরসভা মো. মাসুদুর রহমান; জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী; মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা মিরকাদিম পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষ যাতে দ্রুত ও নির্বিঘ্নে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
আলোচনা শেষে পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে রাস্তাঘাট উন্নয়ন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন এবং ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফগার মেশিন ব্যবহার ও লিফলেট বিতরণের নির্দেশনাও দেওয়া হয়।
এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সহকারী শিক্ষকের স্বল্পতা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে মিরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও খাল খননের গুরুত্ব সম্পর্কে এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















