রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণে আনে।
সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর হঠাৎ এতে আগুন দেয় দুবৃত্তরা। তবে কে বা কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো কিছু বলতে পারছেন না পরিবহন কোম্পানির কর্মকর্তারা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম 


















