সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। উপজেলার চান্দাইকোনা, ব্রহ্মগাছা, পাঙ্গাসী, ঘুড়কা, ভুইয়াগাতী, নিমগাছি ও সলঙ্গা বাজারসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যেই এসব মাছ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারগুলোতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে অনেকটা নির্বিঘ্নেই এসব মাছ বিক্রি করে যাচ্ছেন ব্যবসায়ীরা।
স্থানীয়দের ভাষ্য, পিরানহা মাছ দেখতে অনেকটা পাঙাশ মাছের মতো হওয়ায় অনেক ক্রেতা না জেনেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে তুলনামূলক কম দামে মাছ পাওয়ায় নিম্নআয়ের মানুষের মধ্যে এসব মাছের চাহিদা তৈরি হচ্ছে।
অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন বাজারে পিরানহা মাছ বিক্রির বিষয়টি উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, নিষিদ্ধ মাছ বিক্রির বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হলে এভাবে প্রকাশ্যে পিরানহা বিক্রি সম্ভব হতো না। কেউ কেউ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগও তুলেছেন। তবে এ অভিযোগের পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি।
এদিকে, পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা এবং নিষিদ্ধ মাছ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। তথ্য পেলে সব জায়গায় অভিযান পরিচালনা করা হবে।’

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















