নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ ও অবদান স্মরণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মো. মোহায়মেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, জামায়াত নেতা মো. জাফর আলী আকন্দ, রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারীদের শিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেত্রী, সাংবাদিক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনজন নারীকে ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন— অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জনকারী ঘুড়কা ইউনিয়নের চন্দনা রানী দাস, শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী একই ইউনিয়নের নাহিদ সুলতানা এবং সফল জননী হিসেবে সোনাখাড়া ইউনিয়নের মিলন রানী উরাও।
অনুষ্ঠানটি নারী অগ্রযাত্রা ও বেগম রোকেয়ার চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















