সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রতনকান্দি দক্ষিণপাড়া হাসপাতাল সংলগ্ন মাঠে এই মানবিক কর্মসূচির আয়োজন করেন সিরাজগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী রতনকান্দি গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক রাজু আহমেদ।
তীব্র শীতে কাঁপতে থাকা শত শত অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের হাতে তিনি নিজ উদ্যোগে কম্বল তুলে দেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাজু আহমেদ বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের সামর্থ্যবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নিজ এলাকায় শিক্ষা, চিকিৎসা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, রাজু আহমেদ শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি গরিব-দুঃখী মানুষের একজন সত্যিকারের বন্ধু। শীতের এই কঠিন সময়ে তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















