সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্তব্যের বিষয়ে তাঁর প্রকাশ্য ব্যাখ্যা দাবি এবং বক্তব্যের জন্য দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম বাবু ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডা. মিজানুর রহমান সাংবাদিকদের সম্পর্কে মন্তব্য করেছেন, ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মীরা।’ একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের কাছ থেকে সাংবাদিক সমাজকে নিয়ে এমন মন্তব্য অনভিপ্রেত, দায়িত্বহীন এবং পেশাগত শিষ্টাচারবহির্ভূত।
তাঁরা বলেন, সাংবাদিকতার কোনো ত্রুটি বা অনিয়ম থাকলে তথ্য-প্রমাণ ও যুক্তির ভিত্তিতে তার সমালোচনা করা যেতে পারে। কিন্তু নির্দিষ্ট কোনো ঘটনা বা ব্যক্তির কর্মকাণ্ডের পরিবর্তে পুরো সাংবাদিক সমাজকে হেয়প্রতিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিপিজেএফ নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যম ও সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্র ও সমাজের নানা সমস্যা জনসমক্ষে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা জবাবদিহি প্রতিষ্ঠায় কাজ করেন। তাই সাংবাদিকদের সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের সংযম, সৌজন্য ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা উচিত।
বিবৃতিতে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মন্তব্যের বিষয়ে ডা. মিজানুর রহমানের কাছে প্রকাশ্য ব্যাখ্যা দাবি করেন। পাশাপাশি তাঁকে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করার আহ্বান জানান।
একই সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মন্তব্যটির প্রেক্ষাপট ও যথার্থতা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের অবস্থান ও বক্তব্যের ব্যাখ্যা জনসমক্ষে তুলে ধরারও আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের অবমাননা কিংবা তাঁদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন বক্তব্য পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা জরুরি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা। জনতার কণ্ঠ.কম। 



















