সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) গভীর রাত থেকে সোমবার (৫ অক্টোবর) দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর, সলঙ্গা ও তাড়াশ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রায়গঞ্জের ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সলঙ্গা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল করিম ভোলা (৬৫)।সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ও ছাতিয়ানতলী গ্রামের মহির উদ্দিনের ছেলে আ.লীগ নেতা মো. রফিকুল ইসলাম (৫৫), সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোদাসপাড়া মহল্লার হাফিজুল শেখের ছেলে যুবলীগ নেতা ইউসুফ শেখ (২৭) এবং তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাকিব (৪৫)।
পড়ুন: সিরাজগঞ্জের ৬ আওয়ামী লীগ নেতাকর্মী জেলহাজতে
সলঙ্গা থানার ওসি মো. আসলাম আলী বলেন, সোমবার বেলা ১২টার দিকে সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল করিম ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হাটিকুমরুল থানা পোড়ানো ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, রোববার রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ও যুবলীগ নেতা ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তাড়াশ থানার ওসি ইমাম জাফর জানান, রোববার রাতে দেশীগ্রাম ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বিস্ফোরক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















