জনতার কণ্ঠ প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গায় এক মাদক বিরোধী অভিযানে পাবনা জেলা জেলা যুবদল ও কৃষকদলের নেতাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
রোববার (৩১) আগষ্ট সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, পাবনা জেলা যুবদলের সদস্য রাধানগর এলাকার মৃত আব্দুল জলিল শেখের ছেলে আমিনুল ইসলাম রনি (৪৫) ও সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮) ও পাবনা সদরের দোহারপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মো. রাশেদ রানা (৪২)।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা থেকে নাটোরগামী মহাসড়কে একটি হাইওয়ে রেঁস্তোরার সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার: 



















