কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের শেখ হাসিনার কথায় প্ররোচিত না হয়ে নিজেদের নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আয়োজিত ‘কালচারাল ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও জাগরণের গান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘শেখ হাসিনা তাদের আগুনের মধ্যে ফেলে পালিয়ে গেছেন। তার কর্মের ফল তাকেই ভোগ করতে দিন। তার বিচার হতে দিন। আপা, আপা করে নিজেদের বিপদে ফেলবেন না, পায়ে কুড়াল মারবেন না।’
আবদুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা বলছেন, আপা আসতেছে, আপা আসতেছে। শেখ হাসিনা দেশে আসতে চাইলে আসুন, এত নাটক করার কী আছে? সীমান্ত দিয়ে এলে বর্ডার গার্ড, সেনাবাহিনী ও পুলিশ তাকে নিয়ে আসবে। তবে তার জন্য ফুলের মালা অপেক্ষা করছে না, অপেক্ষা করছে বিচারের মুখোমুখি হওয়ার সময়।’
শেখ হাসিনার শাসনামল এবং অতীতের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনা অনেক মায়ের বুক খালি করেছেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এ দেশের মানুষকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা সবাই জানে। শেখ হাসিনার বাবা রক্ষীবাহিনী সৃষ্টি করে দেশের সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য তুলে ধরে আবদুস সালাম বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তিনি সেই মামলার বিচার মোকাবিলা করতে নিজেই আদালতে গিয়েছেন। সাজা হওয়ার পর আদালতের রায় মেনে হেঁটে কারাগারে গিয়েছেন। কারাগারে যাওয়ার আগে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন, তার অনুপস্থিতিতে কেউ যেন বিশৃঙ্খলা না করে, গাড়ি ভাঙচুর বা কোথাও আগুন না দেয়। এটাই একজন নেত্রীর চরিত্র।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘৫ আগস্টের পর দেশে থাকা আওয়ামী লীগের সমর্থক ও নেতাকর্মীদের তেমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু শেখ হাসিনা আবার তাদের উসকে দিচ্ছেন। যারা শান্তিতে ছিলেন তাদেরও অশান্তির মধ্যে ঠেলে দিচ্ছেন। তার কথায় প্ররোচিত হয়ে নিজেদের বিপদে ফেলবেন না। আওয়ামী লীগ আবার রাজনীতি করতে চাইলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। স্বীকার করতে হবে, আওয়ামী লীগ করা এবং শেখ হাসিনার নেতৃত্ব মেনে নেওয়া তাদের ভুল ছিল।’
বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, ‘শত অত্যাচারের পরও বিএনপি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেনি। দল প্রকাশ্যেই আন্দোলন-সংগ্রাম করেছে। পার্টি অফিসের সামনে করতে না পারলেও প্রেসক্লাবে প্রতিবাদ করেছে, রাজপথে মিছিল করেছে। সাংস্কৃতিক কর্মীরাও প্রতিবাদ করতে গিয়ে অপদস্থ হয়েছেন। তারপরও তারা সাহস নিয়ে রাজপথে এসেছেন।’
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে, সেজন্য তাদের ধন্যবাদ। কিন্তু তার মানে এই নয় যে, বাংলাদেশের মানুষ ভারতের কেনা হয়ে গেছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, বড় ভাই-ছোট ভাইয়ের সম্পর্ক নয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে এবং আইন অনুযায়ী তার বিচার হবে।’
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আবদুস সালাম আরও বলেন, ‘তিনি দেশে ফিরতে চাইলে আসুন। পাসপোর্ট বা পারমিটের কী দরকার? হেঁটে চলে আসুন। পুলিশ তাকে নিয়ে আসবে। তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর বিচার আইন অনুযায়ী হওয়া উচিত।’
বক্তব্যের শেষ দিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আবদুস সালাম। তিনি বলেন, ‘মানুষের মনে যে প্রতিবাদের আগুন জ্বালানো হয়েছে, সেই আগুন দিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করতে হবে।’

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















