সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করবেন। একই সঙ্গে প্রতিটি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে কোনো দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
তিনি আরও বলেন, পূজার সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বরিশাল জেলার মধ্যে আগৈলঝাড়া উপজেলায় প্রতিবছর সবচেয়ে বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলায় মোট ১৬১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, কার্তিক বেপারী, বিন্দু সরকার এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব দীনেশ চন্দ্র হালদারসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এর আগে সকালে জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার নগরবাড়ি গ্রামের শহীদ টিপু হাওলাদারের প্রয়াত মা ও বিএনপি নেতা আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করেন। পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















