বরিশালের আগৈলঝাড়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে খেশারি ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ডালের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে খেশারি ডালের উৎপাদন বাড়ানো জরুরি। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে এ ডালের চাষে তাঁদের আগ্রহ বাড়বে। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৮ কেজি খেশারি ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















