ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে আসনসংখ্যায় এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে এগিয়ে থেকেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি তার জোট।
ফলে নির্বাচনের ফল সামনে আসার সঙ্গে সঙ্গে দেশটির রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।
সর্বশেষ আংশিক ফলাফলে নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি আসন নিয়ে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ‘পরিবর্তন জোট’ পেয়েছে ৪৮টি আসন।
এ ছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। ফলে সরকার গঠনের সমীকরণে আরব দলগুলো গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
নেতানিয়াহুর জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে না পারায় সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন হবে। একইভাবে বিরোধী জোটকেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সমঝোতার পথে এগোতে হবে।
এ পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন কোন পক্ষ পাবে, তার ওপর ইসরায়েলের পরবর্তী সরকারের গঠন অনেকটাই নির্ভর করতে পারে। তবে চূড়ান্ত ভোট গণনা ও রাজনৈতিক সমঝোতা শেষ না হওয়া পর্যন্ত সরকার গঠনের বিষয়টি অনিশ্চিতই থাকছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 






















