দীর্ঘ ১২ বছর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ শহর ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকেই চেম্বার ভবনকে ঘিরে পুরো এসএস রোড জুড়ে আনন্দঘন পরিবেশে প্রার্থী, সমর্থক ও ভোটারদের পদচারনায় মুখরিত হয়েছে। নিজ প্রার্থীর পক্ষে ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করছেন সমর্থকরা।
সড়কের ফুটপাথগুলো পরিণত হয়েছে প্রার্থীদের প্রচারণা সেলে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজ নিয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিমও দায়িত্ব পালন করছে।
সাধারণ ব্যবসায়ীরা জানান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি জেলার ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রধান সংগঠন। জেলার শীর্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ এই সংগঠনটির সঙ্গে যুক্ত। প্রায় একযুগ ধরে অনির্বাচিত কমিটির দ্বারা পরিচালিত হচ্ছিল সংগঠনটি। জুলাই গণঅভুত্থানের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেম্বারের নির্বাচন হচ্ছে। ব্যবসায়ীদের মাঝে উৎফুল্লতা বিরাজ করছে। এবার তারা পছন্দের নেতা বাছাই করার সুযোগ পেয়েছেন।
পরিচালক প্রার্থী হাজী আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন পরে আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করছি। ব্যবসায়ীদের ভোট দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়েছেন।
পরিচালক প্রার্থী শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ব্যবসায়ীরা ভোট দিচ্ছে। আশা করছি দিনভর এ পরিবেশ অব্যাহত থাকবে।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আলাউদ্দিন-আল আজাদ বলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স আনন্দের জায়গা, সবার সাথে দেখা হচ্ছে কুশল বিনিময় হচ্ছে। এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে আমি নিজেও খুশি।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে ব্যবসায়ীরা উৎসাহিত। প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। কারো সাথে কোন দ্বন্দ্ব নেই। এটাই গণতন্ত্রের পরিবেশ।
আরও পড়ুন: ১২ বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন
প্রেসিডেন্ট পদপ্রার্থী সাইদুর রহমান বাচ্চু বলেন, চেম্বার অব কমার্সের নির্বাচনের মাধ্যমেই আমরা গণতন্ত্রের নজির সৃষ্টি করলাম, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে আমরা নির্বাচনের মধ্য দিয়ে সেই ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম।
চেম্বার নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অর্ডিনারী গ্রুপের মোট ভোটার সংখ্যা ৪৩৮ জন। এই গ্রুপে ১৭টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৫২ জন। অপরদিকে এ্যাসোসিয়েট গ্রুপে মোট ভোটার ৬৮ জন। এ গ্রুপের ৭টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১১ জন।

অর্ডিনারী গ্রুপে প্রেসিডেন্ট পদে লড়ছেন দুজন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ৩ জন করে এবং পরিচালক পদে ১৪ টি পদের জন্য ৪৪ জন প্রার্থী লড়ছেন। অপরদিকে এ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন ও পরিচালক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সফল রাজনীতিবিদ সাইদুর রহমান বাচ্চু ব্যবসায়ী নেতা হিসেবেও সফল
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতি বদ্ধ।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















