বুটে বলের জাদু দিয়ে ফুটবলবিশ্ব শাসন করার পর এবার ফুটবল সাম্রাজ্যের মালিকানায় চোখ লিওনেল মেসির। ফুটবল পায়ে এখনো প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করা এই আর্জেন্টাইন মহাতারকা এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসে কিনতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছর পঞ্চম বিভাগের দল কর্নেয়া ক্লাব কেনেন তিনি। কর্নেয়া আধা পেশাদার ক্লাব, তাই এলদেনসে হবে স্পেনে মেসির প্রথম পেশাদার ক্লাব।
স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে, ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ মালিক ‘থি সলুসিওনেস গ্রুপ এসএএস’-এর কাছ থেকে সব শেয়ার কেনার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন মেসি। আগামী কয়েক দিনের মধ্যেই আসতে পারে এই বড় চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। অবশ্য পুরো প্রক্রিয়াটি চূড়ান্ত করতে স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) কাছ থেকে আনুষ্ঠানিক সবুজ সংকেত পেতে হবে।
ফুটবলের ব্যবসায়ী কিংবা মালিক হিসেবে এটি মেসির নতুন কোনো ঘটনা নয়। এর আগে গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউই করনেল্লার একক মালিকানা নিজের নামে করে নেন এলএমটেন। পাশাপাশি ইন্টার মিয়ামির সঙ্গে খেলা ছাড়ার চুক্তি শেষ হলে যুক্তরাষ্ট্রের এই এমএলএস ক্লাবেও অংশীদারি পাওয়ার কথা রয়েছে তার।

আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার বাসিন্দার শহর এলদায় গড়ে ওঠা ক্লাব এলদেনসে। নিজেদের ১০০ বছরেরও বেশি দীর্ঘ ইতিহাসে বেশিভাগ সময় নিচের সারির লিগে কাটালেও সাম্প্রতিক আন্তর্জাতিক বিনিয়োগের জোরে গত চার মৌসুমের তিনটিতেই স্পেনের দ্বিতীয় বিভাগে (লা লিগা ২) খেলেছে দলটি।
অবশ্য চলতি লিগ মৌসুমে মোটেও ভালো ছন্দে নেই ক্লাবটি। প্রথম চার ম্যাচ থেকে ঝুলিতে মাত্র দুই পয়েন্ট তোলায় গত রবিবার কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















One thought on “এবার পেশাদার ফুটবল ক্লাব কিনতে যাচ্ছেন মেসি”