গত ১৮ নভেম্বর রাত ১০টায় চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদুল ইসলাম (২৯), শাহিদুল আলম জিসান (২৭) ও মো. আব্দুল মালেক (৫৬)।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। মূল উত্তরপত্রে প্রাপ্ত নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত কম্পিউটার ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পাওয়া যায়।
নম্বর বিশ্লেষণে দেখা যায়, বাংলা প্রথম পত্রে মূল নম্বর ২৩-এর বিপরীতে প্রকাশিত নম্বর ৩৩, বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর বিপরীতে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর বিপরীতে ৮৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ২০-এর বিপরীতে ৮২, গণিতে ৯-এর বিপরীতে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর বিপরীতে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের বিপরীতে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের বিপরীতে ৪৫, রসায়নে ১-এর বিপরীতে ৪৬, জীববিজ্ঞানে ১-এর বিপরীতে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর বিপরীতে ৬৫ নম্বর দেখানো হয়।
অর্থাৎ, মূল উত্তরপত্রের নম্বরের সঙ্গে প্রকাশিত ফলাফলে বড় ধরনের পার্থক্য তৈরি করে পরীক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপে সংরক্ষিত তথ্য এবং প্রকাশিত কম্পিউটার ফলাফল পর্যালোচনা করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে। এ পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরীক্ষার্থীর পক্ষ থেকে জবাব দেওয়া হলেও তা সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বোর্ড কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ থানায় গত ২৯ অক্টোবর মামলা করা হয়।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















