আগুন-সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মীকে আটক করেছে বাহিনীর সদস্যরা।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নুর মোহাম্মদের বাড়িতে অভিযানটি পরিচালনা করে পুলিশ। নুর মোহাম্মদ সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।
আটকরা হলেন- ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
গ্রেপ্তারের পর নিশাদ তাদের কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। নিশাদ পুলিশকে জানিয়েছেন, তিনি মূলত একজন পোশাক শ্রমিক। মুন্না নামে এক ব্যক্তি ভয়-ভীতি দেখিয়ে তাদের বিভিন্ন সময় মিটিং-মিছিলে নিয়ে যেত। কিছুদিন আগে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করেন তারা। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপি নেতা; ফলে পরিস্থিতি নিরাপদ মনে করে তারা ওই বাসায় একাধিক কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়ি থেকে যুবলীগের কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি জানিয়েছেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন; এমনকি কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন।
আটকদের মোবাইল থেকে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলের ভিডিও পাওয়া গেছে। একইসঙ্গে দেশের অভ্যন্তরে ও বাইরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের গ্রুপ চ্যাটিংয়ের প্রমাণ পাওয়া গেছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















