বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেই জানালেন তিনি কবে দেশে ফিরবেন।
ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে ‘স্পোর্টস্টারকে’ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কিভাবে ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।’
বিসিবির আগের বোর্ডের সঙ্গে ফেরার বিষয়ে কথা হলেও সত্যিকার অর্থে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন সাকিব। দুঃখ প্রকাশ করে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়িত করা—দুটির মধ্যে অনেক পার্থক্য থাকে। এখনও আমি শুনি যে সবাই আমাকে ফেরাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো—সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি।’
বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সাকিব। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর কখনো খেলা হয়নি ৩৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের। পরে অনেকবারই জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের পর আর দেশে আসতে পারেননি সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে, যার মধ্যে আছে হত্যা মামলাও। গত জানুয়ারির শেষ সপ্তাহে হঠাৎ করেই এসব মামলার সুরাহা করে সাকিবকে আবার দেশের ক্রিকেটে ফেরানোর উদ্যোগ নেয় বিসিবি।
সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছেও পাঠিয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। এরপর থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। সেই সময়ে বিসিবি কর্মকর্তারা এমনও বলেছিলেন যে, মার্চে পাকিস্তান সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরতে পারেন সাকিব। কিন্তু বাস্তবে সে সম্ভাবনা দেখা যায়নি। সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে অনেকবার গুঞ্জন শোনা গেলেও কোনোটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
এবার তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড গঠন হওয়ার পর থেকে আবারও আলোচনায় সাকিবের ফেরা। আজ সেটাকে আরও গুরুত্ববহ করে তুললেন খোদ সাকিব।

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















