দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন এক পরীক্ষার্থী। তবে তার প্রায় নিখুঁত ফল নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল শুরু থেকেই। অবশেষে রোববার (১৫ নভেম্বর) জেনারেটিভ এআই ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনা দেশটির আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ বাড়িয়েছে।
এ বছর এপ্রিলে ও জুলাইয়ে অনুষ্ঠিত দুই ধাপের পরীক্ষায় শত শত প্রশ্নের মধ্যে প্রায় সব কটিতেই সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান অর্জন করেন হান নামের ওই পরীক্ষার্থী। পরে নিজের পরিচয় প্রকাশ করে তিনি বলেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও জেনারেটিভ এআই ব্যবহার করে অসদুপায় অবলম্বন করেছিলেন।
ইউটিউব চ্যানেল ‘অ্যাটর্নি লি ডন-হো’-তে প্রকাশিত এক ভিডিওতে মুখে মাস্ক পরে হান বলেন, ‘আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে নকল করেছি। ন্যায্য পরিশ্রমের মাধ্যমে আমি পরীক্ষায় প্রথম হইনি।’
তিনি জানান, পরীক্ষার প্রশ্নগুলো ক্ষুদ্র ক্যামেরা দিয়ে ছবি তুলে এআই টুলে পাঠাতেন। পরে স্মার্টফোনে এআইয়ের দেওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন। এ ঘটনায় সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তিও জমা দিয়েছেন বলে দাবি করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এ পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বছরের পর বছর প্রস্তুতি নেয়। এর আগে এআই ব্যবহার করে নকলের আশঙ্কা নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী হান সুক-সুক।
প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্থিতিশীলভাবে সম্পন্ন করতে সরকার আগাম প্রস্তুতি নেবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত পুরো প্রক্রিয়ার ওপর কঠোর নজরদারি রাখবে।
জনতার কণ্ঠ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























