চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিগত ২০ বছরের তুলনায় এবার পাসের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় এবং প্রায় অর্ধেকের কাছাকাছি শিক্ষার্থী ফেল করায় এর নেপথ্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও পাঠদানে ফাঁকিবাজি রোধ করতে এবার ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে তা মনিটরিংয়ের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে মাঠপর্যায়ে শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে যে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল, তা আমরা এখন ক্লাসরুমে কার্যকর করছি। নিয়মিত ক্লাস হচ্ছে কিনা তা রেকর্ড করা হবে এবং অধ্যক্ষের আর্কাইভে তা সংরক্ষণ করতে হবে।
পাশাপাশি ইন্সপেক্টরদের মাধ্যমে নিয়মিত শিডিউল অনুযায়ী কলেজগুলোতে পরিদর্শন চালানো হবে।
দীর্ঘদিনের শিক্ষক স্বল্পতা কাটাতে দ্রুত নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালুর কথা জানিয়েছে মন্ত্রণালয়।
এছাড়াও, শিক্ষাব্যবস্থার কাঠামোগত দুর্বলতা দূর করতে এবং শিক্ষার্থীদের ইংরেজি ও আইসিটির মতো মৌলিক বিষয়ে দক্ষতা বাড়াতে নতুন কোর্স কারিকুলাম হাতে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















