চট্টগ্রাম নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় মবিলের একটি গুদামে আগুন লেগেছে। আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, ‘মাগরিবের নামাজের পর এখানে আগুন লাগে। আগুন লাগার পরপরই স্থানীয়রা সবার আগে ছুটে আসেন। তারা আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ৫টি গাড়ি পাঠানো হয়। যেহেতু এটি তেলের গোডাউন এবং এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























