মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে চাঁদাবাজি ও ডাকাতির প্রতিবাদ করাকে কেন্দ্র করে যুবদল নেতাসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে একটি চক্র চাঁদাবাজি ও রাতের আঁধারে ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। চাঁন বাদশা, মো. ইব্রাহিম, শাকিল, খাজা, বাদল ও দেলোয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন স্থানীয়রা।
নদীতে চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র দিয়ে চারজনকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে শাকিল (২৩), ইভান (২৬), মোতালেব (৩৮) ও বাদশা (২৮) আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আহত মোতালেব বেপারীর ছোট ভাই মোরশেদ ব্যাপারী জানান, ঘটনার পর স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে নৌ-চাঁদাবাজির অভিযোগে শাকিল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ঘটনার খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, এ ধরনের একটি ঘটনার কথা তিনিও শুনেছেন। আহত অবস্থায় একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















