সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের সলঙ্গায় ইউসুফ ইকবাল (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৪ অক্টোবর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইকবাল। তিনি সলঙ্গা থানাধীন ঘুড়কা ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এর আগে গত ৪ অক্টোবর সন্ধ্যায় ঘুড়কা সমবায় পেট্রোল পাম্প এলাকায় চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে আহত করা হয়।
এলাকাবাসি জানিয়েছে, গত ৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ ইকবাল নামে ওই যুবক ঘুড়কা সমবায় পেট্রোল পাম্প এলাকায় গেলে পাম্পের কর্মচারিরা চোর সন্দেহে তাকে আটক করে বেধড়ক মারধর ও বৈদ্যুতিক শক দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে ৮ অক্টোবর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর সন্ধ্যায় ইউসুফ মারা যান। ঘটনার পর নিহতের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মানসিক প্রতিবন্ধী ওই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পরপরই একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার: 



















