জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ব্যাটালিয়নের অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানার বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে রাত সোয়া ৯টার দিকে তুলসীগঙ্গা নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তিটির একটি বড় খণ্ড উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি ডিজিটাল ওজন পরিমাপক কেন্দ্রে মূর্তিটির খণ্ডটির ওজন ৮৫ কেজি বলে নিশ্চিত হওয়া যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা মূর্তিটি কষ্টিপাথরের কি না, তা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সনদ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















