জাপানের মধ্যাঞ্চলে একটি কেকের দোকানে আগুনে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ঘটনাটিকে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড সন্দেহে তদন্ত করছে।
জাপানের কিয়োদো নিউজ এজেন্সি স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার রাতে গিফু প্রিফেকচারের একটি কেকের দোকানে আগুন লাগে। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ৬৬ বছর বয়সী এক নারী রয়েছেন। তিনি ওই কেকের দোকানের মালিক ছিলেন। নিহত অন্য দুজন পুরুষ।

দোতলা একটি ভবনে দোকানটি অবস্থিত। ভবনটির একটি অংশ আবাসিক হিসেবেও ব্যবহার হতো। ব্যবসা বন্ধ থাকার সময় আগুন লাগার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আগুন লাগার সময় ওই নারী ভবনটিতে ১০ জনকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পুলিশ সন্দেহ করছে, উপস্থিত ব্যক্তিদের মধ্যেই কেউ আগুন লাগিয়ে থাকতে পারেন।
সূত্র: আনাদোলু

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















