মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান অল্পের জন্য ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে।
বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে স্টোরে বলেন, মলদোভা থেকে উড্ডয়নের সময় জেলেনস্কির বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতের মুখে পড়েছিল। তবে ড্রোনটি কতটা কাছাকাছি ছিল বা তিনি কোন সূত্রে এ তথ্য পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি নরওয়ের প্রধানমন্ত্রী।
পরে মলদোভার সরকারের এক মুখপাত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এক বিবৃতিতে তিনি জানান, মঙ্গলবার উড্ডয়নের আগে এ ঘটনা ঘটে এবং ড্রোনটি ছিল রাশিয়ার।
মলদোভায় ড্রোন সতর্কতা জারি করে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় জেলেনস্কির বিমানের যাত্রা বিলম্বিত হয়। পরে ড্রোনটি মলদোভার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে নিশ্চিত হওয়ার পর জেলেনস্কির বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।
নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের শেষকৃত্যে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় অসলো পৌঁছান জেলেনস্কি। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ ছাড়া ইউরোপের জন্য ‘ফ্রেইজা’ নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির অগ্রগতি নিয়ে প্রতিরক্ষা খাতের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন দুই নেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, কর্মসূচিটির আওতায় সরকার ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগি এবং বাস্তব ফল পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপের আকাশ সুরক্ষায় যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এদিকে জেলেনস্কির অসলো সফরের দিনই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক কর্মকর্তারা। নিহতদের মধ্যে ইউক্রেন-মলদোভা সীমান্ত ও দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বাসিন্দারাও রয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 
























