মো. ইসমাইল হোসেন, নোয়াখালি ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ডাকাতির মালামাল উদ্ধার করতে এসে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে দালাল বাজারের মোস্তাক মিয়ার বাড়িসহ আশপাশের আরও দুটি বাড়িতে সংঘবদ্ধ একটি ডাকাতদল হানা দেয়। তারা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে ঘটনাস্থলের কাছেই মাটির নিচে পুঁতে রাখে।
বুধবার সকালে ওই মালামাল তুলতে আসে ডাকাত দলের দুই সদস্য। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তারা ডাকাতির মালামাল তুলতে এসেছে বলে স্বীকার করে।
পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো—
১. শুক্কুর আলী (৪০), পিতা মৃত খলিল শেখ, গ্রাম- সকমথরাবাদ, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা।
২. মুরাদ হোসেন (৩৮), পিতা হাবিবুর রহমান, গ্রাম- বইটাখাটা মিজি বাড়ি, থানা- লবনছড়া, জেলা- খুলনা।
স্থানীয়রা জানান, তিন দিন আগে সংঘটিত তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় এদেরই সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার: 



















