দিনাজপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ এসআরবি-১৩-এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার ১১ অক্টোবর বিকেল ৫টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ১০ অক্টোবর রাত ১০টা ১০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে দিনাজপুর-দশমাইল মহাসড়কসংলগ্ন একটি বন্ধ মার্কেটের পেছনে অভিযান চালায় এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

হাসান আলী, (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















