নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই। রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে নওগাঁ পৌরসভার পিরোজপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন।
বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি নওগাঁ পৌরসভার পিরোজপুর এলাকায়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে তাঁদের বাড়িতে যান প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ অনেকে। শোকবার্তায় তাঁরা প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে বিশ্বজিৎ সরকার মনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক মাধব চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক অম্লান সাহা, সমাজকল্যাণ সম্পাদক বাদল চৌধুরী ও সদস্য পুলক সরকারসহ অন্যরা তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অন্যদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।
এ ছাড়া বিশ্বজিৎ সরকার মনির মৃত্যুতে জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন জনপ্রতিনিধি এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার এবং যুগ্ম সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার পৃথক শোকবার্তায় বিশ্বজিৎ সরকার মনির আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নওগাঁ জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















